দুই লাখ টাকার বেশি শুল্ক পরিশোধে ই-পেমেন্ট বাধ্যতামূলক

২৪ মে, ২০২১ ১৫:০০  
২০১৭ সালে ই-পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়। কিন্তু তার কাঙ্ক্ষিত সুফল গত দুই বছরে মেলেনি। ২০১৮-১৯ অর্থবছরে সব মিলিয়ে ই-পেমেন্টের মাধ্যমে এক হাজার ১৩০ কোটি টাকার রাজস্ব পাওয়া গেছে। আর ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৯ মাসে ৪ হাজার ১১০ কোটি টাকা পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে আগামী ১ জুলাই থেকে আমদানি-রাফতানি পণ্যচালানের বিপরীতে দুই লাখ টাকার বেশি শুল্ক পরিশোধে ই-পেমেন্ট বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়াও আগামী বছরের শুরু থেকেই আমদানি-রফতানি পণ্যচালানের বিপরীতে সব পরিমাণ শুল্ক-কর ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (২৪ মে) এনবিআর থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। সূত্রমতে, কমলাপুরের আইসিডি ও ঢাকা কাস্টম হাউজে ২০২১ সালের এপ্রিল থেকে সব ধরনের বিল অব এন্ট্রির বিপরীতে শুল্ক-কর পরিশোধে পরীক্ষামূলকভাবে ই-পেমেন্টের ব্যবহার শুরু হয়েছে। তবে জুলাই থেকে দেশের সব শুল্ক হাউস ও শুল্ক স্টেশনে ২ লাখ টাকার বেশি শুল্ক-কর হলে ই-পেমেন্ট করতে হবে। আর ২০২২ সালের জানুয়ারিতে ই-পেমেন্টের মাধ্যমে শুল্ক-কর পরিশোধের পাশাপাশি অন্যান্য মাশুলও ই-পেমেন্টের আওতায় চলে আসবে। বর্তমানে ১৭টি বাণিজ্যিক ব্যাংক ই-পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত আছে। ই-পেমেন্ট ব্যবস্থায় আমদানিকারক বা সিঅ্যান্ডএফ এজেন্টের ব্যাংক হিসাব থেকে সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকারি ট্রেজারিতে অর্থ পরিশোধ করা যায়।